দিল্লিতে বড় নির্দেশ: ১ নভেম্বর থেকে দ্বিগুণ পার্কিং ফি ও ওয়ার্ক ফ্রম হোম, বন্ধ থাকছে নির্মাণ কাজও!
September 28, 20267:02 pm

শীতের শুরুতেই বিষাক্ত ধোঁয়াশা ও ধুলোর গ্রাসে রাজধানী দিল্লি। ক্রমশ আশঙ্কাজনক হারে বাড়তে থাকা বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার একগুচ্ছ কঠোর ও নজিরবিহীন সিদ্ধান্ত নিল সরকার। আগামী ১ নভেম্বর থেকে শহরের বুকে নির্মাণ কাজ বন্ধ রাখা থেকে শুরু করে পার্কিং ফি বাড়ানো এবং কাজের সময়সূচীতে পরিবর্তন— একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
আজ সকালে পরিবেশ ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পরেই এই নির্দেশিকা জারি করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং গণপূর্ত বিভাগের মন্ত্রী প্রবেশ বর্মা।
দূষণ রুখতে যেসব নতুন নিয়ম কার্যকর হচ্ছে:
- নির্মাণ ও ভাঙার কাজে ধাপে ধাপে নিষেধাজ্ঞা: ১ নভেম্বর, ২০২৬ থেকে ৩১ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত ধুলো ছড়ায় এমন সবরকম কাজ ও বহিরাঙ্গন নির্মাণ বন্ধ থাকবে। পাশাপাশি ১০ ডিসেম্বর, ২০২৬ থেকে ২০ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত সব ধরনের নির্মাণ ও ভাঙার কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
- দ্বিগুণ পার্কিং ফি: রাস্তায় ব্যক্তিগত গাড়ি বের করার প্রবণতা কমাতে ও ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণে রাখতে ১ নভেম্বর, ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত অনুমোদিত পার্কিং স্থানগুলিতে ফি এক ধাক্কায় দ্বিগুণ করা হচ্ছে। তবে স্বস্তির খবর, মেট্রো রেলের (DMRC) পার্কিং স্থানে পুরনো দরই বহাল থাকবে।
- অফিসের সময়ে বড় বদল ও WFH: রাস্তায় যানজট ও ধোঁয়াশা কমাতে সরকারি দপ্তরগুলির সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে:
- MCD অফিস: সকাল ৮:৩০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত।
- GNCTD অফিস: সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত।
- এর পাশাপাশি, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫০% কর্মী নিয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) বা বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
শীতের মরশুমে রাজধানীর বিপজ্জনক দূষণ পরিস্থিতি সামাল দিতে সরকারের এই কঠোর পদক্ষেপ কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার।