জম্মু-কাশ্মীরে সেনার বিরাট সাফল্য! মধ্যরাতে গুলির লড়াইয়ে নিকেশ লস্করের শীর্ষ সেনাপতি

জম্মু-কাশ্মীরে জঙ্গিদমনে ফের বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। বুদগাম জেলায় সেনা ও পুলিশের যৌথ এনকাউন্টারে নিকেশ হয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LeT) শীর্ষ কমান্ডার ফৌজি মুসা।
কী ঘটেছিল বুদগামে? মঙ্গলবার রাতে বুদগাম জেলার ইউসমার্গ-সংলগ্ন কোরাগ এলাকায় কয়েকজন সন্দেহভাজনকে ঘুরে বেড়াতে দেখেন জওয়ানরা। এলাকা ঘিরে ফেলে যৌথ অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। সেনা জওয়ানরা চ্যালেঞ্জ জানালে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। সেনার পাল্টা গুলিতেই ঘটনাস্থলে নিকেশ হয় লস্করের ওই শীর্ষ নেতা। সেনার এই বিশেষ অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন কোরাগ’।
দীর্ঘদিন ধরে সেনার স্ক্যানারে ছিল মুসা পুলিশ সূত্রে খবর, উপত্যকায় একাধিক নাশকতামূলক কর্মকাণ্ড ও জঙ্গি হামলায় সরাসরি যুক্ত ছিল ফৌজি মুসা। দীর্ঘদিন ধরেই তাকে হন্যে হয়ে খুঁজছিল সেনা। গত ৫ সেপ্টেম্বর ইউসমার্গ পাহাড়ি এলাকায় সেনার অভিযানে চতুরতার সঙ্গে পালিয়ে বেঁচেছিল মুসা, তবে সেদিন তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির নিহত হয়েছিল। এবার আর সেনার নজর এড়াতে পারল না সে।
উপত্যকাজুড়ে সাঁড়াশি অভিযান সম্প্রতি উপত্যকায় জঙ্গিবিরোধী অভিযান আরও তীব্র করা হয়েছে। কয়েক দিন আগেই রাজৌরি, রিয়াসি ও পির পাঞ্জাল এলাকায় লস্কর জঙ্গিদের মদত দেওয়া ও আশ্রয় দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি উধমপুর জেলার বনাঞ্চলেও সেনার সঙ্গে সংঘর্ষে আরও দুই জঙ্গি নিহত হয়েছে। ফৌজি মুসার পতনকে উপত্যকায় লস্কর-ই-তৈবার নেটওয়ার্কের জন্য এক বিরাট ধাক্কা বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।