‘৭-ইলেভেন’ কটাক্ষের উপযুক্ত জবাব! লাস ভেগাসে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় ট্রাভেল ভ্লগার

আমেরিকার বিখ্যাত ক্যাসিনোর শহর লাস ভেগাসে ঘুরতে গিয়ে চরম বর্ণবিদ্বেষের (Racism) মুখোমুখি হলেন ভারতের জনপ্রিয় ট্রাভেল ভ্লগার পরমবীর সিং বেনিওয়াল। ‘Passenger Paramvir’ ইউটিউব চ্যানেলের পরিচালক পরমবীর নিজের সহকর্মীর সঙ্গে লাস ভেগাসের স্থানীয় জীবনযাত্রা ও বিনোদন জগতের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। আর সেখানেই একদল স্থানীয় ব্যক্তির কাছ থেকে আপত্তিকর মন্তব্যের শিকার হতে হয় তাঁকে।
ঠিক কী ঘটেছিল?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করা হয়নি) দেখা যায়, গত ২২ সেপ্টেম্বর লাস ভেগাসের রাস্তায় পরমবীরদের সঙ্গে তিন ব্যক্তির দেখা হয়। ওই তিনজনও লাইভস্ট্রিম করছিলেন। তাঁদের মধ্যে একজন পরমবীরকে উদ্দেশ্য করে দাবি করেন, তাঁর বন্ধু আমেরিকার ৭৩টি ‘7-Eleven’ স্টোরের মালিক। এর পরপরই পরমবীরকে ওই দোকানে ক্যাশিয়ারের কাজ করার প্রস্তাব দেওয়া হয়।
আমেরিকায় সাধারণত অনেক ভারতীয়ই ‘7-Eleven’-এর মতো স্টেশনারি দোকানগুলোতে কাজ করেন। এই প্রচলিত ধারণাকেই পরমবীরকে খাটো করতে এবং বর্ণবিদ্বেষী রসিকতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ।
বর্ণবিদ্বেষীদের সোজাসাপটা কড়া জবাব
আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই আসাম্মান চুপচাপ মেনে নেননি পরমবীর। তিনি সোজাসুজি ওই লাইভস্ট্রিমারদের বর্ণবিদ্বেষী মানসিকতাকে চ্যালেঞ্জ জানান। পরমবীর কড়া ভাষায় বলেন, “আপনারা মনে করেন ভারতীয়রা কেবল ৭-ইলেভেনে কাজ করে, উবার চালায় আর আমাদের গা থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু মনে রাখবেন, আমরা নিজেদের যোগ্যতায় খেটে খাই এবং কাউকে বিরক্ত করি না। আপনারা নিজেরা কাজ করতে পারেন না বলেই ভারতীয়দের উন্নতি দেখে জ্বলে।”
পরমবীরের দাবি, কেবল বর্ণবিদ্বেষী কনটেন্ট বানিয়ে ভিউ পাওয়ার উদ্দেশ্যেই ওই ব্যক্তিরা পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছিল।
ইন্টারনেটে প্রশংসার ঝড়
পুরো ঘটনার একটি ৫৭ মিনিটের ভিডিও পরমবীর তাঁর ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওটি প্রকাশ হতেই পরমবীরের পাশে দাঁড়িয়েছেন হাজার হাজার নেটিজেন। বিদেশের মাটিতে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে দেশের সম্মান রক্ষা করায় পরমবীরের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় নেটিজেনরা।
অনেকে মন্তব্য করেছেন, “ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নতি মেনে নিতে না পেরেই বিদেশে কিছু মানুষের মধ্যে এই হিংসার মনোভাব তৈরি হচ্ছে।” পরমবীরের এই সাহসী পদক্ষেপ বিদেশযাত্রী অন্যান্য ভারতীয়দেরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অনেকে।