পুজোর আনন্দ মাটি করতে আসছে নিম্নচাপ! তবে কি পণ্ড হবে প্যান্ডেল হপিং?

দুর্গোৎসবের প্রাক্কালে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে আজ, বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপটি বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজ ও কাল হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম এবং শেষ মুহূর্তের কেনাকাটা কিছুটা ব্যাহত হতে পারে। যদিও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত কোনো বড় দুর্যোগের আশঙ্কা নেই বললেই চলে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির দু-এক জায়গায় কেবল বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উৎসবের মরসুমে এই নিম্নচাপের ভ্রূকুটি কতখানি প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর সকলের। আবহাওয়ার গতিপ্রকৃতির ওপর নির্ভর করেই রাজ্যবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।