কলকাতা হাইকোর্টের ছাদে কি সত্যিই নামাজ পড়া হয়? রিপোর্ট তলব প্রধান বিচারপতির!

কলকাতা হাইকোর্ট প্রাঙ্গণে দুর্গাপুজো করার অনুমতি চেয়ে দায়ের করা জনস্বার্থ মামলাকে কেন্দ্র করে আইনি বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এর আগে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ এই আবেদন নাকচ করলেও, বুধবারের শুনানিতে মামলাকারী আইনজীবী সঞ্জয় ঘোষ ভারতের সংবিধান প্রদত্ত ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন, আদালত চত্বরে সমঅধিকার বজায় থাকছে না, কারণ প্রতি শুক্রবার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে হাইকোর্টের ছাদে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে।
আইনজীবীর এই যুক্তির পর হাইকোর্ট বেঞ্চ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে প্রশ্নের মুখে ফেলে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চ স্পষ্ট জানতে চায়, হাইকোর্টের ছাদে নামাজ পড়ার কোনো আনুষ্ঠানিক অনুমোদন রয়েছে কি না এবং সেখানে কোনো ধর্মীয় সম্প্রদায় সত্যি প্রার্থনা করেন কি না। এই তথ্য যাচাইয়ের জন্য আদালত হাইকোর্টের রেজিস্ট্রারকে সরেজমিনে পরিদর্শন করে একটি পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ১২ অক্টোবরের মধ্যে এই রিপোর্ট আদালতে পেশ করতে হবে।