মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তীতে তাঁর এই চিরন্তন কথাগুলি বদলে দিতে পারে আপনার জীবন!

ভারতের স্বাধীনতা সংগ্রাম ও দক্ষিণ আফ্রিকার নিপীড়িত মানুষের অধিকার রক্ষার মূল কারিগর মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী পালন হতে চলেছে ২ অক্টোবর। সংগ্রাম ও লড়াইয়ের মধ্যেও তিনি বিশ্বশান্তি এবং বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে। তিনি বিশ্বাস করতেন, মানুষ তার চিন্তারই ফসল এবং অহিংসাই হলো মানবজাতির শ্রেষ্ঠ শক্তি। ক্ষমা প্রদর্শন করাকে তিনি শক্তিশালী মানুষের বৈশিষ্ট্য হিসেবে দেখতেন এবং সতর্ক করেছিলেন যে চোখের বদলে চোখ তুলে নেওয়ার মানসিকতা গোটা বিশ্বকে অন্ধ করে দেয়।
গান্ধীজির মতে, মানুষের ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করে তার বর্তমান কর্মের ওপর। প্রতিকূল পরিস্থিতিতে আশা না হারানোর পরামর্শ দিয়ে তিনি জানান, সঠিক পথে থাকলে সব বাধা পেরিয়ে ভালো মানুষের জয় নিশ্চিত। কারো খারাপ ব্যবহার বা সমালোচনার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত বলে তিনি মনে করতেন। পাশাপাশি চিন্তাভাবনা, কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখে সুখ খুঁজে নেওয়ার এবং মানবতার ওপর বিশ্বাস ধরে রাখার এক গভীর বার্তা রেখে গেছেন এই মহান নেতা।