রাস্তার গর্ত দেখে আর ভোগান্তি নয়, নাগরিকদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল পুরসভা!

টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন রাস্তার বেহাল দশা ও তৈরি হওয়া গর্ত নিয়ে চরম অসন্তোষের মুখে বড় পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুরসভা। আগামী ৫ অক্টোবরের মধ্যে শহরের সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা সম্পূর্ণ সংস্কারের কড়া ডেডলাইন বেঁধে দিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। পরিস্থিতি তদারকিতে পুরো কর্পোরেশন এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজন সিনিয়র অফিসারকে। পাশাপাশি, বরো ভিত্তিক সুপারভাইজরি অফিসার ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সার্বিক পরিদর্শনের পর দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ জারি করা হয়েছে।
নাগরিকদের সুবিধার্থে পুরসভার কন্ট্রোল রুম ও পাবলিক গ্রিভেন্স সিস্টেমকে একত্রিত করে দ্রুত পরিষেবা চালু করা হয়েছে। রাস্তাঘাট বা পানীয় জলের যেকোনো সমস্যায় বিশেষ নম্বর (২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪ বা ২২২৬৯৯০৯), টোল-ফ্রি নম্বর (১৮০০৩৪৫৩৩৭৫) কিংবা হোয়াটসঅ্যাপে (৮৩৩৫৯৯৯১১১) অভিযোগ জানানো মাত্রই পাঠানো হবে সচল ১৩টি ‘পটহোল রিপেয়ারিং’ গাড়ির যেকোনো একটি। কন্ট্রোল রুমের সরাসরি নজরদারিতে ত্বরান্বিত এই উদ্যোগের মাধ্যমে উৎসবের মরশুমের আগেই শহরবাসীকে মসৃণ ও ঝুঁকিমুক্ত রাস্তা উপহার দেওয়াই পুর কর্তৃপক্ষের মূল লক্ষ্য।