পুলিশের ঘরেই সিঁধ, ডেটা সেন্টারে সাইবার হামলায় উধাও চাঞ্চল্যকর সব তথ্য?

খোদ রাজ্য পুলিশের ডেটা সেন্টারে বড়সড় সাইবার হামলার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিকল হয়ে পড়েছে পুলিশের গুরুত্বপূর্ণ সিসিটিএনএস (CCTNS) ব্যবস্থা। সেখান থেকে কলকাতা ও কালিম্পং জেলা পুলিশের একাধিক এফআইআর, চার্জশিটসহ বেশ কিছু গোপন নথি লোপাট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত পুজো কমিটিগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও সাইবার হামলাকারীদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভবানীভবনের নির্দেশে রাজ্যজুড়ে পুলিশের সমস্ত ওয়েবসাইট ও সিস্টেম থেকে অফিসারদের অবিলম্বে লগ আউট করতে বলা হয়েছে।
এই চরম বিপত্তিতে নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখা। সম্প্রতি এসটিএফের হাতে ধরা পড়া পাকিস্তানি নাগরিক ও গুপ্তচরদের তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটও হস্তগত হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এই ঘটনার নেপথ্যে কোনো শত্রু ভাবাপন্ন বিদেশি চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিপূর্বে কয়েকবার সাইবার হানা হলেও এবারের হামলায় নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। কোথা থেকে এবং কারা এই আক্রমণ চালিয়েছে, তা চিহ্নিত করে খোয়া যাওয়া নথি উদ্ধারে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা।