রণবীরের রাম রূপ দেখে রেগে আগুন মুকেশ খান্না, নীলেশ তিওয়ারির রামায়ণ নিয়ে তোলপাড়

নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে জোর বিতর্ক। ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুরের মারকাটারি অ্যাকশন দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ‘শক্তিমান’ খ্যাত প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ভিএফএক্স ও অত্যাধিক অ্যাকশনের চক্করে রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তমের বদলে রজনীকান্ত বা সালমান খানের মতো বাণিজ্যিক অ্যাকশন হিরো বানিয়ে ফেলা হয়েছে। বিশেষ করে গাছে চড়ে তীর ছোড়ার দৃশ্যটির কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, এতে সিনেমার মূল আধ্যাত্মিক ভাবাবেগ ও ভারতীয় ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ছবিতে শ্রীরামের চরিত্রে রণবীর ছাড়াও সীতা হিসেবে সাই পল্লবী ও রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশ অভিনয় করছেন। ভিএফএক্স প্রযুক্তির ব্যাপক ব্যবহারে সিনেমাটি হয়তো বক্স অফিসে ‘স্টার ওয়ার্স’-এর মতো তোলপাড় ফেলবে, কিন্তু এটি সনাতন ধর্মবিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মুকেশ খান্না মত ব্যক্ত করেছেন। দুই পর্বে বিভক্ত এই বিগ বাজেট প্রজেক্টে অরুণ গোভিল, সানি দেওল ও রকুল প্রীত সিংয়ের মতো একাধিক তারকা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের দীপাবলিতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত এই ছবিটির প্রথম ভাগ।