একাই ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার আবেদন! কর্নাটকে ভোটচুরি চক্রের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা

কর্নাটকের বেলগাভিতে একাই ১৯৮ জন মুসলিম ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে রবি পাটিল নামের এক বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। বেলগাভি মার্কেট থানায় দায়ের হওয়া অভিযোগে বলা হয়েছে, ওই নেতা ফর্ম ৭ পূরণ করে পরিকল্পিতভাবে নির্দিষ্ট ভোটারদের নাম কাটার আবেদন করেছিলেন। কংগ্রেস শিবিরের দাবি, এটি যোগ্য ভোটারদের বাদ দেওয়ার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
এই ঘটনার জেরে কর্নাটকে রাজনৈতিক সংঘাত চরমে উঠেছে। শাসক দলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য বিজেপি নেতাদের হাতে নির্দিষ্ট এপিক নম্বরযুক্ত ফর্ম তুলে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে ডি কে শিবকুমার সহ কংগ্রেস নেতৃত্ব মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ধরনায় বসেন। ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।