১৬ বছর ধরে অঙ্কের শিক্ষক নেই মন্ত্রীর নিজের গ্রামেই! পাটিগণিত-বীজগণিত না শিখে কীভাবে পাশ করছে পড়ুয়ারা? – এক ঝলক

একঝলক ডেস্ক:
রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর গ্রামেই অবস্থিত ভূলাগাড়া জুনিয়ার হাইস্কুলে বিগত ১৬ বছর ধরে নেই কোনো অঙ্কের শিক্ষক। মাত্র ৩ জন শিক্ষিকা অন্যান্য বিষয়ের পাশাপাশি কোনোমতে পঠনপাঠন চালালেও, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হয়নি একদিনও অঙ্কের ক্লাস। স্কুলটির পড়ুয়াদের অধিকাংশই প্রথম প্রজন্মের লার্নার। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির পক্ষে গৃহশিক্ষক রাখা আসাম্ভব হওয়ায় এবং বাড়ির কারোর অঙ্ক শেখানোর সামর্থ্য না থাকায় শিক্ষার্থীরা পাটিগণিত ও বীজগণিতের প্রাথমিক শিক্ষা ছাড়াই ক্লাস পার করছে।
দীর্ঘ পথ পেরিয়ে অন্য স্কুলে যাওয়ার সুযোগ না থাকায় অষ্টম শ্রেণির পরেই অঙ্ক ভীতির জেরে বহু পড়ুয়া স্কুলছুট হচ্ছে। কেউ জড়িয়ে পড়ছে গার্হস্থ্য কাজে, কেউ বা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে। এমতাবস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষার্থে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। অন্যদিকে, গোটা ঘটনার জন্য বিগত সরকারকে দায়ী করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী।