ছেলের জন্মের পর ঠিক কতটা বদলে গেল ভিকি কৌশলের জীবন! ফাঁস করলেন অভিনেতা – এক ঝলক

একঝলক ডেস্ক:
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের ঘরে গত বছরের নভেম্বরে আসে তাঁদের প্রথম সন্তান ছোট্ট বিহান। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিতৃত্বের এই নতুন সফর নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। ভিকির স্পষ্ট কথা, বাবা হওয়ার অনুভূতি এতটাই জাদুকরি যে তা ভাষায় প্রকাশ করা আসাম্ভব। ছেলের মিষ্টি হাসি কিংবা ছোট্ট হাতের নাড়াচাড়া— প্রতিটি মুহূর্ত তাঁকে এমন এক পূর্ণতার স্বাদ দিচ্ছে, যার চেয়ে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না বলে জানিয়েছেন তিনি।
এই নতুন যাত্রায় স্ত্রী ক্যাটরিনা ও সন্তানকে একসঙ্গে আনন্দ করতে দেখার মুহূর্তগুলোকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করেন অভিনেতা। পাশাপাশি, বাবা হওয়ার পর নিজের ভেতরে এক বিরাট মনস্তাত্ত্বিক পরিবর্তনের কথাও জানান তিনি। ভিকির মতে, সন্তান আসার পর তাঁর দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে ছেলেই যাতে তাঁর আচরণ দেখে সঠিক শিক্ষা পায়, সেই দায়িত্ববোধ থেকেই নিজের প্রতিটি পদক্ষেপে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তিনি।