ক্ষমা চাওয়ার ছলে শিক্ষিকাকে শ্লীলতাহানি! আরজি করের সামনে গ্রেপ্তার অভিযুক্ত – এক ঝলক

একঝলক ডেস্ক:
কলকাতার আরজি কর হাসপাতাল সংলগ্ন ব্যস্ত রাস্তায় প্রকাশ্য দিবালোকে এক তরুণী স্কুলশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। গত মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ উল্টোডাঙা থানার ওয়েস্ট ক্যানাল রোডের সিগন্যালে কাজ সেরে বন্ধুর সঙ্গে স্কুটিতে ফেরার সময় এই নক্কারজনক ঘটনা ঘটে। অভিযোগ, সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় ইস্তায়াকুর রহমান নামে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হেলে পড়ে। এরপর প্রতিবাদ জানালে ক্ষমা চাওয়ার অছিলায় ওই শিক্ষিকার গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক বুঝে তরুণী তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে অভিযুক্ত অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
ঘটনার সময় স্থানীয় লোকজন ও তরুণীর বন্ধু ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন। এরপর টালা ট্রাফিক গার্ডের বুথে নিয়ে যাওয়ার পর সেখানেও ওই ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উল্টোডাঙা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করে। পুলিশ অভিযুক্ত ইস্তায়াকুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে তুললে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি, ম্যাজিস্ট্রেটের কাছে আক্রান্ত শিক্ষিকার গোপন জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।