বডি শেমিং মানেই কি সম্ভ্রমহানি? যা সাফ জানিয়ে দিল হাই কোর্ট! – এক ঝলক

একঝলক ডেস্ক:
কোনও মহিলার শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য বা বডি শেমিং করালেই তা তাঁর শালীনতা বা সম্ভ্রমহানি করার অপরাধ হিসেবে প্রমাণিত হয় না। সম্প্রতি একটি মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে কর্নাটক হাই কোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় কোনও নারীর গোপনীয়তায় হস্তক্ষেপ বা তাঁকে অপমানের উদ্দেশ্যে কথা বলাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, সমস্ত বডি শেমিংয়ের অভিযোগ এই নির্দিষ্ট ধারার আওতাভুক্ত নয়।
বেঙ্গালুরুর এক মহিলার অভিযোগ ছিল, দুই মহিলা ও এক ব্যক্তি তাঁকে এবং তাঁর বন্ধুদের বডি শেমিং ও বর্ণবিদ্বেষী ভাষায় অপমান করেছেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করার পর চার্জশিট জমা দেয়। পরবর্তীতে কর্নাটক হাই কোর্টের বিচারপতি এস আর কৃষ্ণ কুমারের বেঞ্চ অভিযুক্ত দুই মহিলার বিরুদ্ধে চলা ফৌজদারি মামলা খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, তৃতীয় অভিযুক্তের ক্ষেত্রে আইনি কার্যক্রম আগেই বাতিল হওয়ায় এখানে ‘সমতা নীতি’ প্রযোজ্য হবে।