উৎসবের মুখে মার্কিন মুলুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙল স্বামীনারায়ণ মন্দিরের কাচ – এক ঝলক

একঝলক ডেস্ক:
নবরাত্রির প্রস্তুতির মাঝেই আমেরিকার ওহিও রাজ্যে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দিরে হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার মন্দিরে পুরোহিত ও ভক্তরা পুজোর কাজে ব্যস্ত থাকা অবস্থায় আচমকা বাহির থেকে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। এতে মন্দিরের জানলা ও দরজার কাচ ভেঙে পড়ে এবং উপস্থিত সকলের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তর আমেরিকার হিন্দু সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাঙা কাচের ছবি পোস্ট করে এই ঘটনার কথা জানানো হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে ধর্মীয় উপাসনালয়ে এমন তাণ্ডবে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
আমেরিকায় সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটলেও এবার কোনো স্লোগান বা বার্তা না থাকায় আততায়ীদের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আসন্ন নবরাত্রি উৎসবের ঠিক মুখে এই ধরনের হামলায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। একের পর এক উপাসনালয়ে হামলার জেরে প্রবাসী ভারতীয়দের মধ্যে চরম ক্ষোভ ও নিরাপত্তার অভাব পরিলক্ষিত হচ্ছে।