প্রশাসনের নির্দেশে বন্ধ নার্সিংহোমে শিশুমৃত্যু, জামালপুরে তুলকালাম – এক ঝলক

একঝলক ডেস্ক:
প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে যাওয়া নার্সিংহোমে ফের এক সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জামালপুরের কাড়ালাঘাটে। হুগলির ধনিয়াখালির বাসিন্দা তাপস রায় তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী শ্রাবন্তী রায়কে কাড়ালাঘাটের লাইফ কেয়ার নার্সিংহোমে ভর্তি করেছিলেন। অভিযোগ, ১ অক্টোবর ভর্তির পর থেকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি এবং চিকিৎসায় গাফিলতির কারণে অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু হয়। ২০২৫ সালের ডিসেম্বরে অনিয়মের অভিযোগে জেলা স্বাস্থ্য দপ্তর এই নার্সিংহোমটি বন্ধের নির্দেশ দিয়েছিল এবং চলতি বছরের জানুয়ারিতে অভিযানে তা পুরোপুরি বন্ধও করা হয়। কিন্তু অভিযোগ, রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতার জোরে এপ্রিল মাসে ফের চালু হয় প্রতিষ্ঠানটি। এই মৃত্যুর ঘটনায় সদ্যোজাতের পরিবার জামালপুর থানা ও স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে।
শিশুমৃত্যুর ঘটনার তদন্তে শনিবার জামালপুর থানার পুলিশ ও ব্লক স্বাস্থ্য আধিকারিক ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদ সংগ্রহ করতে গেলে অভিযুক্ত চিকিৎসক কামাল হোসেন সাংবাদিকদের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। তবে পরবর্তীতে তিনি দাবি করেন, পেটের ভেতরেই শিশুটির মৃত্যু হয়েছিল এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই প্রকৃত সত্য সামনে আসবে। অন্যদিকে নার্সিংহোম মালিক মহম্মদ কাজি আজিজ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, পুলিশ ও স্বাস্থ্য দপ্তর যৌথভাবে তদন্ত শুরু করেছে এবং পরিকাঠামোগত ত্রুটি বা অনিয়ম প্রমাণিত হলে নার্সিংহোমটি পুনরায় বন্ধ করে দেওয়া হবে।