‘মন্ত্রী-পুলিশ কেউ সেলফি তোলেনি!’ মেসির বিশৃঙ্খলার পর কীভাবে সফল হল ফুটবল ম্যাচ?

‘মন্ত্রী-পুলিশ কেউ সেলফি তোলেনি!’ মেসির বিশৃঙ্খলার পর কীভাবে সফল হল ফুটবল ম্যাচ?

কলকাতা: গত বছর ডিসেম্বর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ম্যাচ ঘিরে ঘটে যাওয়া চরম বিশৃঙ্খলা আজও ভোলেনি ফুটবলপ্রেমীরা। মাঠে নেমেও ভিড় ও হুড়োহুড়িতে শেষ পর্যন্ত ম্যাচ না খেলেই ফিরে যেতে বাধ্য হয়েছিলেন খোদ মেসি। আয়োজক ও রাজ্য সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেই সময় উঠেছিল তীব্র সমালোচনার ঝড়। মোটা টাকার টিকিট কেটেও স্টেডিয়ামে গিয়ে হতাশ হতে হয়েছিল হাজার হাজার দর্শককে, যার জেরে ভাঙচুরও চলেছিল।

তবে সেই সমস্ত কালো দিন ভুলে শনিবার যুবভারতীতে অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো ব্রাজিল বনাম ভারতের হাইভোল্টেজ ম্যাচ। আর এই সফল আয়োজন প্রসঙ্গে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, এবার সমস্ত সতর্কতা ও ফিফার নিয়ম মেনেই ম্যাচের আয়োজন করা হয়েছিল।

শুভেন্দু বাবু জোর দিয়ে বলেন, “আমরা অত্যন্ত সাবধানে সবকিছু করেছি, ফিফার নিয়ম অক্ষরে অক্ষরে মেনেছি। ফুটবল মানেই কলকাতা! এবার আমাদের কোনও মন্ত্রী বা পুলিশকর্মীকে মাঠে নেমে সেলফি তুলতে দেখেননি। আমরা আগেই কড়া নির্দেশ দিয়েছিলাম, সমস্ত টিকিট বিক্রি করতে বারণ করা হয়েছিল যাতে শৃঙ্খলা বজায় রেখে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়।”

মেসি কাণ্ডে প্রতারিতদের জন্য বিরাট সুখবর: শনিবার যুবভারতীতে সফল আয়োজনের পরেই ফুটবলপ্রেমীদের জন্য এক বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। গত বছর মেসিকে দেখতে গিয়ে যাঁরা অনলাইনে টিকিট কেটেও প্রতারিত হয়েছিলেন এবং হতাশ হয়ে ফিরেছিলেন, তাঁদের জন্য আসছে দারুণ সুযোগ।

আগામী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে উরুগুয়ে। সেই আন্তর্জাতিক ম্যাচের জন্য ২২ হাজার টিকিট সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করবে রাজ্য সরকার। সূত্র মারফত জানা গিয়েছে, গত বছর মেসি ম্যাচের টিকিট যাঁরা অনলাইনে কেটেছিলেন, তাঁদের রেজিস্টার্ড নম্বরেই উরুগুয়ে ম্যাচের এই ফ্রি টিকিটের নোটিফিকেশন পৌঁছে যাবে। রাজ্য মন্ত্রিসভায় আলোচনা করে খুব শীঘ্রই এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *