কিবোর্ডের বিশালাকার এই একটি কি-র আড়ালে লুকিয়ে লুকিয়ে কোন গোপন কারণ? – এক ঝলক

একঝলক ডেস্ক:
ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডের সবচেয়ে নজরকাড়া ও বড় কি হলো ‘স্পেসবার’। বাহ্যিকভাবে এটিকে সাধারণ ডিজাইন মনে হলেও এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ও ঐতিহাসিক কারণ। টাইপিংয়ের সময় সবচেয়ে বেশি ব্যবহৃত এই কি-তে আঙুল না দেখেই যাতে দ্রুত চাপ দেওয়া যায়, সেজন্যই এর আকার এত বড় রাখা হয়। মূলত দুই হাতের বুড়ো আঙুলই কিবোর্ডের নিচের অংশে স্বাভাবিকভাবে অবস্থান করায় ডানহাতি ও বাঁহাতি—উভয় ধরনের ব্যবহারকারীই এটি সহজে ব্যবহার করতে পারেন। এছাড়া, মেকানিক্যাল টাইপরাইটারের পুরনো লেআউট বজায় রেখে ব্যবহারকারীদের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং টাইপিংয়ের সময় ভুল হওয়ার সম্ভাবনা কমানোও এর প্রধান উদ্দেশ্য।
কেবল দুটি শব্দের মাঝে ফাঁকা জায়গা তৈরি করাই নয়, কিবোর্ডের গঠনেও এই স্পেসবারের বিশেষ ভূমিকা রয়েছে। এটি একের অধিক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে সক্ষম। মিডিয়া প্রোগ্রামে কোনো ভিডিও বা গান সাময়িকভাবে বন্ধ করা ও পুনরায় চালু করা থেকে শুরু করে ওয়েব পেজ দ্রুত স্ক্রল করার ক্ষেত্রেও স্পেসবার অত্যন্ত কার্যকর। ফলে দ্রুত ও স্বাচ্ছন্দ্যে নির্ভুল টাইপিং নিশ্চিত করার পাশাপাশি মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধার্থে কিবোর্ডে স্পেসবারের এই চওড়া আকৃতি অপরিহার্য।