আমেরিকা কি এবার সত্যিই একঘরে? চিনের মারাত্মক চালে বদলে যাচ্ছে বিশ্বের রাজনীতি, বিস্ফোরক জয়শঙ্কর! – এক ঝলক

একঝলক ডেস্ক:
দিল্লিতে আয়োজিত ৬২তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্ব রাজনীতির এক নতুন মেরুকরণের চিত্র তুলে ধরলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দাবি করেন, আমেরিকা এখন নিজেদের ‘স্বেচ্ছায় নিঃসঙ্গ’ করে ফেলছে, আর ঠিক সেই সুযোগেই বিশ্বমঞ্চে দ্রুত উত্থান ঘটছে চিনের। বিশ্বজুড়ে মোট উৎপাদনের তিন ভাগের এক ভাগই একা নিয়ন্ত্রণ করছে চিন, যার জেরে অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি তাদের রাজনৈতিক প্রভাবও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। জয়শঙ্করের মতে, আমেরিকা এবং চিনের মধ্যে চলা এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ও রাজনৈতিক সমীকরণ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করছে।
তবে এই দুই মহা-শক্তির টানাপোড়েনের মাঝেই বিশ্বজুড়ে আত্মপ্রকাশ করছে একাধিক মাঝারি ও উদীয়মান শক্তির দেশ। বিদেশমন্ত্রী জানান, ভারতসহ এই বিকাশমান দেশগুলি কোনো নির্দিষ্ট পক্ষে যোগ না দিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বহুমুখী কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। উন্নয়নশীল এই দেশগুলি নিজেদের স্বার্থরক্ষা ও বিশ্বমঞ্চে নিজেদের কণ্ঠস্বর জোরালো করতে ‘ব্রিকস’-এর মতো সংগঠনের মাধ্যমে একত্র হচ্ছে। তারা একইসঙ্গে আমেরিকা ও চিনের সাথে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে এজেন্ডা-ভিত্তিক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে স্বনির্ভর করে তুলছে।