ইউক্রেনে রুশ রোষের মুখে ভারতীয় ফার্মার গোডাউন! ভয়াবহ ড্রোন হামলায় মৃত ১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পড়ল ভারতীয় মালিকানাধীন একটি সংস্থার ওপর। ইউক্রেনের সুমি শহরে একটি ভারতীয় ওষুধ কো ম্পা নির গোডাউনে ভয়াবহ ড্রোন হামলা চালাল রাশিয়া। রবিবারের এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
দিল্লিতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাসের দাবি, ড্রোন হামলায় ধ্বংস হওয়া ওই গোডাউনটি ভারতীয় ফার্মা কো ম্পা নি ‘কুসুম গ্রুপ’-এর। সেখানে অত্যন্ত জরুরি জীবনদায়ী ওষুধ তৈরি হতো। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কুসুম গ্রুপের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর, শনিবার মাঝরাত থেকেই ইউক্রেনের বিভিন্ন প্রান্তে আকাশপথে জোরালো তাণ্ডব চালাতে শুরু করে পুতিনের সেনা। মোট ১৩৫টি ড্রোন নিক্ষেপ করা হয়, যার মধ্যে অন্তত ৫০টি ছিল অত্যাধুনিক জেটচালিত ড্রোন। রবিবার সকালে সুমি শহরে ওই ওষুধের গোডাউনে একাধিক ড্রোন আছড়ে পড়ে। প্রবল বিস্ফোরণে আস্ত গোডাউনটি দাউদাউ করে জ্বলে ওঠে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত উদ্ধারকারী দল পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
শুধুমাত্র সুমি নয়, কিয়েভ, ডিনিপ্রো, খারকিভ, দোনেৎস্ক এবং জাপোরিঝঝিয়াতেও আবাসিক ভবন এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করে রাশিয়া লাগাতার হামলা চালিয়েছে। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে একাধিক জায়গায়। এই হামলার ঘটনায় গভীর শোকপ্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।
এই ঘটনার তীব্র নিন্দা করে নয়াদিল্লির ইউক্রেনীয় দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ (X) একটি কড়া বিবৃতি দিয়েছে। রাশিয়াকে ‘বর্বর’ ও ‘ভণ্ড’ আখ্যা দিয়ে তারা জানিয়েছে, মুখে ভারতের সঙ্গে ‘ঐতিহাসিক বন্ধুত্বের’ কথা বললেও, বাস্তবে রুশ হামলায় বহু ভারতীয়র মৃত্যুর খবর সামনে আসছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক হুঁশিয়ারি দিয়েছে যে, আগামী দিনে ইউক্রেনের সামরিক ও প্রতিরক্ষা পরিকাঠামোয় হামলা আরও তীব্র করা হবে। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জ়েলেনস্কিও জানিয়েছেন, রাশিয়ার এই আগ্রাসনের যোগ্য জবাব দিতে এবার রুশ তেল শোধনাগারগুলিকে নিশানা করবে ইউক্রেনীয় সেনা। তবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কোনও হামলা চালানো হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।