‘নিঝুম অরণ্যের পথে’ দুর্গাপুজো! খাওয়া-দাওয়া সমেত NBSTC-র স্পেশাল বাস পরিষেবা

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। আর পুজো মানেই বাঙালির বেড়াতে যাওয়ার টান। পর্যটক ও ভ্রমণপিপাসুদের এই চাহিদার কথা মাথায় রেখেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) নিয়ে এল এক দুর্দান্ত স্পেশাল প্যাকেজ ট্যুর— ‘নিঝুম অরণ্যের পথে’। পাহাড় ও সবুজে ঘেরা ডুয়ার্সের জঙ্গলের স্বাদ দিতে মহালয়ার সকাল থেকেই শুরু হচ্ছে এই বিশেষ বাস পরিষেবা।
কী থাকছে এই প্যাকেজে? কোচবিহার থেকে ৪১ আসনের একটি বিশেষ বাস আলিপুরদুয়ার হয়ে পৌঁছবে রাজাভাতখাওয়ায়। সেখান থেকে সোজা জয়ন্তী। এরপর ফেরার পথে বাসটি নিমতি হয়ে চিলাপাতার জঙ্গলের বুক চিরে সন্ধ্যায় ফিরে আসবে কোচবিহারে।
খরচ ও সুযোগ-সুবিধা: জনপ্রতি এই ট্যুরের খরচ ধার্য করা হয়েছে মাত্র ৫০০ থেকে ৫৫০ টাকা। এই সাশ্রয়ী ভাড়ার মধ্যেই থাকছে প্রাতঃরাশ (Breakfast) এবং বিকেলের চা-স্ন্যাকসের দারুণ ব্যবস্থা। শুধু তাই নয়, চলন্ত বাসে যাত্রীদের মনোরঞ্জনের জন্য থাকবেন একজন সঙ্গীতশিল্পী। পাশাপাশি চিলাপাতার জঙ্গলের কোদালবস্তিতে রাভা ও আদিবাসী নৃত্যের আসরও উপভোগ করতে পারবেন পর্যটকরা।
কবে থেকে চলবে ও টিকিট কোথায় পাবেন? মহালয়ার পুণ্যলগ্নে শুরু হয়ে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টানা চলবে এই পরিষেবা। এরপর শীতের মরশুম ও অন্যান্য উৎসবের দিনগুলিতে প্রতি শনি ও রবিবার এই স্পেশাল বাসটি মিলবে। সোমবার থেকেই কোচবিহারের ওল্ড বাসস্ট্যান্ডে এই ট্যুরের অফলাইন টিকিট বুকিং শুরু হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, একসময় এনবিএসটিসি-র ‘সবুজের পথে হাতছানি’ নামের একটি জনপ্রিয় প্যাকেজ ট্যুর ছিল, যা কর্মী সঙ্কটের কারণে গত কয়েক বছর ধরে বন্ধ। তবে যাত্রীদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ফের এই নয়া উদ্যোগ। এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী কুমার রায় জানিয়েছেন, সাধারণ মানুষ ও পর্যটকদের দীর্ঘদিনের আবেদনের ভিত্তিতেই এই পরিষেবা চালু হলো, যা পর্যটনের প্রসারের পাশাপাশি নিগমের আয় বৃদ্ধিতেও সাহায্য করবে।