বিগ বসের ঘরে চরম খাদ্যসংকট, সৌরভের কাছে কী আজব আবদার করলেন জীতু-সোনামণিরা
.jpeg.webp?w=1155&fit=1155,650&ssl=1)
‘বিগ বস বাংলা’র ঘরে লাক্সারি বাজেট টাস্কে ব্যর্থ হওয়ায় চরম খাদ্যসংকটে পড়েছেন প্রতিযোগীরা। নিত্যপ্রয়োজনীয় চিনি কিংবা ছাতুর মতো জিনিসও ফুরিয়ে যাওয়ায় শনিবারের ‘দাদার দরবার’-এ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নিজেদের পছন্দের খাবারের আবদার জানান তাঁরা। জীতু কামাল কলকাতার ছোট পাবদা মাছ, সোনামণি সাহা ছাতু, তনুশ্রী রায় চিনি এবং ঝিলম গুপ্ত মুড়ি দাবি করেন। সৌরভ তাঁদের আবদার মেটানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি শর্ত দেন যে, আগামী টাস্কগুলোতে মন দিয়ে খেলতে হবে। পাশাপাশি সৌরভ রাজবীর দে-কে অন্যের খেলায় প্রভাবিত না হয়ে নিজস্ব কৌশল প্রয়োগের পরামর্শ দেন।
খাবারের আবদারের পাশাপাশি ঘরের নানা নাটকীয়তায় জমে উঠেছে এই পর্ব। গেম প্ল্যান নিয়ে নতুন প্রতিযোগী অনুষ্কা ঘোষের সঙ্গে সৌরভের উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং রাজবীর অভিযোগ করেন, অনেকে তাঁকে হারাতেই বেশি ব্যস্ত। অন্যদিকে, চলতি সপ্তাহে এলিমিনেশনের ‘ডেনজার জোনে’ রয়েছেন নন্দিনী দত্ত, ভরত কল এবং দুর্নিবার সাহা, যেখানে রাজবীর ও নিরঞ্জন মণ্ডল নিরাপদ। খাবারের সংকট, কৌশলগত দ্বন্দ্ব এবং বিদায়ের আশঙ্কা—সব মিলিয়ে ‘দাদার দরবার’ ছিল ঘটনাবহুল। এখন রবিবারের পর্বে দর্শকভোটে কে ঘর ছাড়া হন, সেদিকেই নজর সবার।