নন্দীগ্রামের ভোটযুদ্ধে বিরাট চমক! প্রচারে শেষদিনে শুভেন্দুর মেগা মিছিলে দলবদলের হিড়িক, বিরোধীদের নিয়ে বড় বার্তা

নন্দীগ্রাম উপনির্বাচনের প্রচারে শেষ দিনে জোড়া পদযাত্রায় ঝড় তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম থানা মোড় এবং রাজরামচক থেকে চৌরঙ্গী পর্যন্ত আয়োজিত মেগা র্যালিতে হাজার হাজার কর্মী-সমর্থকের ঢল নামে। এদিনের প্রচারের প্রধান আকর্ষণ ছিল রাজনৈতিক দলবদলের হিড়িক। একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা থেকে শুরু করে সংখ্যালঘু এলাকার বিশিষ্ট ব্যক্তিদের দলত্যাগ করে বিজেপি প্রার্থীর সমর্থনে মিছিলে অংশ নেওয়া ভোটের সমীকরণ বদলে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষও ফুলবৃষ্টি করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান।
ভোটের আগে আত্মবিশ্বাসী সুরে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে এবং কেউ সিকিউরিটি মানি ফেরত পাবেন না। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে আয়োজিত এই প্রচারে সাংসদ ও দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দলীয় যোগদানের ঘটনা আগামী দিনের রাজনীতিতে বড় মাইলফলক হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সবমিলিয়ে, শেষ মুহূর্তের এই হাইভোল্টেজ প্রচার নন্দীগ্রামের রাজনৈতিক লড়াইয়ে বিজেপি শিবিরকে অনেকটাই এগিয়ে রেখেছে।