পাকা পেঁপের ফেলে দেওয়া বীজেই কীভাবে ধ্বংস হবে মশা, তাক লাগানো আবিষ্কার বাঁকুড়ার অধ্যাপকের

কোথাও কয়েল, কোথাও প্লাগে বাষ্পীকারক ব্যবহার করে ধোঁয়া ও রাসায়নিকের গন্ধে রাত কাটাতে হয় সাধারণ মানুষকে। রাসায়নিকের এই ক্ষতিকর প্রভাব এড়িয়ে মশা দমনের নতুন ও কার্যকর পথ খুঁজে পেয়েছেন বাঁকুড়ার খ্রিস্টান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অনুপম ঘোষ এবং তাঁর সহ-গবেষকেরা। ঘরের উঠোনে ফেলে দেওয়া পাকা পেঁপের কালো বীজই এখন মশার বংশবিস্তার রোধে প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, পেঁপের বীজের সক্রিয় উপাদান মশার লার্ভা এবং পিউপা ধ্বংসে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম।
অধ্যাপক ঘোষের নেতৃত্বে ২০০৯ ও ২০১২ সালের বিভিন্ন গবেষণায় কিউলেক্স ও ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস স্টিফেন্সি মশার ওপর পেঁপের বীজের নির্যাস প্রয়োগ করা হয়। দেখা যায়, নির্দিষ্ট মাত্রার নির্যাস ব্যবহারে তৃতীয় স্তরের লার্ভার মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে, এতে থাকা অ্যালিফ্যাটিক অ্যামাইড-জাতীয় উপাদান মশার জীবনচক্রে সরাসরি আঘাত হানে। ফলে নিত্যদিনের চেনা এই উপাদানের সঠিক ব্যবহার পরিবেশবান্ধব উপায়ে মশা নিয়ন্ত্রণের এক নতুন দিক খুলে দিয়েছে।