বুক স্টল করা নিয়ে রণক্ষেত্র বনগাঁ! বামকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগে তুমুল উত্তেজনা যশোর রোডে

শারদোৎসব উপলক্ষে বুক স্টল নির্মাণকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বনগাঁয় বাম এবং হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রের খবর, বনগাঁ শহরের পার্টি অফিসের নিচে যশোর রোডের পাশে দীর্ঘদিন ধরেই শারদীয় বুক স্টল করে আসছে বামেরা। উদ্যোক্তাদের দাবি, এবারও নিয়ম মেনে পুলিশ ও প্রশাসনকে জানিয়েই স্টল তৈরির জন্য রাস্তার পাশে কাঠ-বাঁশ রাখা হয়েছিল। তবে মঙ্গলবার সকালে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা আচমকাই সেখানে চড়াও হয়ে বামেদের সমস্ত উপকরণ ছুড়ে ফেলে দেয় এবং প্রতিবাদ জানাতে গেলে বামকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় বলে গুরুতর অভিযোগ ওঠে।
এই ঘটনায় যশোর রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী বুক স্টলের জায়গা দখলের অপচেষ্টা চালানো হচ্ছে বলেই দাবি করেছেন স্থানীয় বাম নেতৃত্ব। অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হিন্দু জাগরণ মঞ্চ। উল্টে বামকর্মীদের বিরুদ্ধেই ধাক্কাধাক্কি ও অশান্তি ছড়ানোর পাল্টা অভিযোগ তুলেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।