‘ভালো লাগুক বা না লাগুক, আমাদের সঙ্গেই সংসার করতে হবে!’ সংখ্যালঘুদের সরাসরি বার্তা বিজেপি রাজ্য সভাপতির

রাজ্যে এবং কেন্দ্রে আগামী ২০ বছরে সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তাই ঘৃণা ও ভীতি ভুলে সংখ্যালঘুদের জনজীবনের মূল স্রোতে ফেরার আহ্বান জানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারীর সুর মিলিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন যে, বিজেপিকে পছন্দ হোক বা না হোক, তাদের সঙ্গেই মিলেমিশে পথ চলতে হবে। সেই সাথে সংখ্যালঘু এলাকায় বিজেপির বৈঠক বা সভা আয়োজনে যে বাধা সৃষ্টি করা হয়, তা অবিলম্বে বন্ধ করার দাবি জানান এই শীর্ষ বিজেপি নেতা।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করে শমীক ভট্টাচার্য স্মরণ করিয়ে দেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কোনো বিভাজন নীতিতে বিশ্বাস করে না। বিনামূল্যে রেশন, করোনার টিকা কিংবা আবাস যোজনার ঘর—সবই সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে পেয়েছেন। এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামে সংখ্যালঘুদের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর বার্তা দিয়েছিলেন। এবার রাজ্য সভাপতির এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।