পুরভোটে ভোটাধিকার কি পাবেন এসআইআর-এ বাদ পড়ারা? সুপ্রিম কোর্টে জরুরি শুনানি ১৬ অক্টোবর

পুরভোটে ভোটাধিকার কি পাবেন এসআইআর-এ বাদ পড়ারা? সুপ্রিম কোর্টে জরুরি শুনানি ১৬ অক্টোবর

নভেম্বরের শেষের দিকে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে তার আগেই বিশেষ নিবিড় সংশোধনে (SIR) যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা আসন্ন পুরভোটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। এই বিষয়েই আগামী ৩০ অক্টোবরের বদলে আগামী ১৬ অক্টোবর জরুরি ভিত্তিতে শুনানি করবে সুপ্রিম কোর্ট।

শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার গঠিত বিশেষ বেঞ্চ শুনানির তারিখ এগিয়ে আনার কথা ঘোষণা করে। মামলাকারীদের তরফে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ ও প্রশান্ত ভূষণ আদালতে জানান, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ট্রাইব্যুনালের মাধ্যমে বাদ পড়া নামগুলির পুনর্বিবেচনার প্রক্রিয়া অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করেন, আদালতে মূলত দু’ধরনের আর্জি জমা পড়েছে—এক দল বাদ পড়া নাম তালিকায় ফেরাতে চাইছেন, অন্য দল ভুয়ো নাম বাদ দেওয়ার দাবি জানাচ্ছেন। তবে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের অধিকার সুরক্ষাকেই আপাতত বেশি গুরুত্ব দিচ্ছে আদালত।

অন্যদিকে, ভোটার তালিকা তৈরি ও সংশোধনে ব্যবহৃত কম্পিউটার সফটওয়্যার ও প্রযুক্তির বিশ্বস্ততা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন বিচারপতি জয়মাল্য বাগচী। ব্যবহৃত প্রযুক্তি কতটা স্বচ্ছ ও ত্রুটিমুক্ত, তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতিও এই মন্তব্যে সহমত পোষণ করে জানান, বর্তমান প্রক্রিয়ায় বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে যা দ্রুত সংশোধন করা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *