২২ দিন জাল ফেলা বন্ধ! মা ইলিশ রক্ষায় আকাশে মেরিটাইম বিমান, নদীতে নৌসেনার কড়া টহল

মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম পাড়তে পারে এবং নিরাপদে বংশবৃদ্ধি করতে পারে, সে জন্য দেশে ২২ দিনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকা এই নিষেধাজ্ঞার সময়ে ইলিশ সংরক্ষণ অভিযান জোরদার করেছে প্রশাসন।
তবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও সমুদ্রে এখনো কিছু অসাধু জেলের জাল ফেলার প্রবণতা দেখা যাচ্ছে। অসাধু জেলেদের এই তৎপরতা বন্ধ করতে এবার সরাসরি মাঠে নেমেছে নৌবাহিনী। ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষায় জলসীমায় যেন ‘মশা মারতে কামান দাগা’র মতো করেই মোতায়েন করা হয়েছে নৌসেনা।
সমুদ্র, উপকূলীয় এলাকা ও নদীবেষ্টিত ৯টি জেলায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল দিচ্ছে নৌবাহিনীর জাহাজ ও সশস্ত্র সদস্যরা। কেবল জলপথেই নয়, আকাশপথেও নজরদারির জন্য নিয়োজিত রয়েছে মেরিটাইম পেট্রল এয়ারক্রাফট। রাতের অন্ধকারে লুকিয়ে জাল ফেলার চেষ্টা করলেও রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই।
এই অভিযানে নৌবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য দপ্তর। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—নিষেধাজ্ঞা চলাকালীন নদীতে বা সমুদ্রে মাছ ধরার চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে, দেওয়া হবে না কোনো ছাড়।
মা ইলিশ যেন নিশ্চিন্তে প্রজনন সম্পন্ন করতে পারে, এটাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। নির্দিষ্ট সময় শেষে ইলিশের নতুন প্রজন্ম বড় হয়ে উঠলে জেলেদের জালেই তারা ফিরবে। তবে আপাতত মা ইলিশের প্রজননক্ষেত্রে সব ধরনের জাল ফেলার ওপর জারি রয়েছে কড়া ‘নো এন্ট্রি’।