সিউড়িতে কার্যালয়ে হামলার পরেই কাটল নিরাপত্তার খাঁড়া, ফের রাজ্য সরকারের দেহরক্ষী পেলেন অনুব্রত!

সিউড়িতে কার্যালয়ে হামলার পরেই কাটল নিরাপত্তার খাঁড়া, ফের রাজ্য সরকারের দেহরক্ষী পেলেন অনুব্রত!

বীরভূম: সিউড়িতে দলীয় কার্যালয়ে ঢুকে হামলা ও কলার ধরে হুমকির ঘটনার ঠিক কয়েক দিনের মাথায় নিরাপত্তারক্ষী ফিরে পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুক্রবার রাজ্য সরকারের তরফে তাঁর সুরক্ষার কথা মাথায় রেখে পুনরায় সশস্ত্র দেহরক্ষী মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি সিউড়ির তৃণমূল অফিসে অনুব্রত মণ্ডলের উপর আচমকাই চড়াও হয় তিন যুবক। পার্টি অফিসের চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি অনুব্রতকে সরাসরি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রাজনৈতিক মহলে আলোড়ন ফেলা এই ঘটনার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামী নেতারা অনুব্রতের সঙ্গে দেখা করেন। তবে দলীয় বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ এই হামলাকে ‘সাজানো ঘটনা’ বলে কটাক্ষ করেছিলেন। তাঁর দাবি ছিল, রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী ফেরত পাওয়ার উদ্দেশ্যেই অনুব্রত মণ্ডল নিজে এই নাটক তৈরি করেছেন।

অনুব্রতের নিরাপত্তা পুনঃবহাল নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “কারও জীবনহানির আশঙ্কা থাকলে পুলিশ তাঁকে নিরাপত্তা দিতেই পারে। তবে অপরাধীরা কেউ পার পাবে না। অনুব্রত মণ্ডল একজন অপরাধী, সেই কারণেই তিনি জেল খেটেছেন।” অন্যদিকে, এই বিষয়ে কাজল শেখের প্রতিক্রিয়া জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন কেটে দেন।

উল্লেখ্য, একসময় অনুব্রত মণ্ডলের নিরাপত্তায় রাজ্য সরকারের বিশাল সশস্ত্র বাহিনী মোতায়েন থাকত। কিন্তু পরবর্তীতে সেই নিরাপত্তা তুলে নেওয়া হয় এবং এতদিন শুধুমাত্র তাঁর ব্যক্তিগত দেহরক্ষী ছিল। সম্প্রতি সিউড়ির এই অনভিপ্রেত ঘটনার পরেই নতুন করে রাজ্য পুলিশ তাঁকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *