৪০ হাজারের ফোন চার হাজারে বিক্রি! বাংলাদেশের সিন্ডিকেটে কীভাবে পাচার হচ্ছিল শহরের চোরাই মোবাইল?

কলকাতা পুলিশের বড়বাজার থানার তৎপরতায় শহরে সক্রিয় এক বিশাল চোরাই মোবাইল পাচার চক্রের পর্দাফাঁস হয়েছে। তপসিয়া ও তিলজলা এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর পুলিশ বেনিয়াপুকুরে হানা দিয়ে মোট ৫১টি বহুমূল্য মোবাইল উদ্ধার করেছে। ধৃতরা মাদকাসক্ত হয়ে রাতের শহরে চুরির বাইক ব্যবহার করে পথচলতি মানুষের হাত থেকে মোবাইল ছিনতাই করত। মাত্র তিন থেকে চার হাজার টাকায় সেই মোবাইলগুলি তারা এক দালালের কাছে বিক্রি করত।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হাতবদল হয়ে ওই চোরাই মোবাইলগুলি সীমান্ত পার হয়ে সোজা চলে যেত বাংলাদেশের সিন্ডিকেটের হাতে। সেখানে চড়া দামে সেগুলি স্থানীয় বাজারে বিক্রি করা হতো। সম্প্রতি এক ব্যবসায়ীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে ছিনতাইকারীদের পাকড়াও করা হয় এবং পরে তাদের জেরা করেই এই বিশাল পাচার চক্রের হদিশ মেলে। চক্রের বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।