বাবার স্বপ্ন পূরণ, দেশের প্রথম মহিলা ফাইটার কমব্যাট লিডার হলেন ভাবনা কান্থ

বাবার অধরা স্বপ্নকে বাস্তবায়িত করে ভারতীয় বায়ুসেনার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভাবনা কান্থ। দেশের প্রথম মহিলা ফাইটার কমব্যাট লিডার হিসেবে আত্মপ্রকাশ করে তিনি গোটা দেশের নজর কেড়েছেন। গত আগস্ট মাসে গোয়ালিয়রের ট্যাকটিকস অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে কুড়ি সপ্তাহের কঠোর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন তিনি। বায়ুসেনার এই এলিট কোর্সে মাত্র এক শতাংশ ফাইটার পাইলট সুযোগ পান, যা আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন নৌবাহিনীর টপগান প্রশিক্ষণের সমতুল্য হিসেবে বিবেচিত হয়। এই সাফল্যের অর্থ কেবল যুদ্ধবিমান চালনা নয়, বরং উন্নত যুদ্ধ কৌশল এবং অসাধারণ নেতৃত্বের দক্ষতার স্বীকৃতি।
ইঞ্জিনিয়ারিং পাসের পর একটি বেসরকারি সংস্থার চাকরি ছেড়ে এএফসিট পরীক্ষা দিয়ে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন ভাবনা। ২০১৬ সালে নিয়ম পরিবর্তনের পর অবনী চতুর্বেদী ও মোহনা সিংয়ের সঙ্গে তিনিও ফাইটার পাইলট হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে মিগ-২১ বাইসনে প্রথম একক উড়ান এবং পরবর্তীতে রাষ্ট্রপতির হাত থেকে নারী শক্তি পুরস্কার অর্জন করেন তিনি। বর্তমানে ফ্রন্টলাইন যুদ্ধবিমান সুখোই-৩০ ওড়ানো এই কৃতি পাইলটের সাফল্যে গর্বিত তাঁর পরিবার তথা গোটা দেশ।