স্ত্রীর পরকীয়ায় নির্মম পরিণতি, ডায়মন্ড হারবারে মুণ্ডচ্ছেদের মামলায় বড় সাজা!

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে পরকীয়া প্রেমিককে নৃশংসভাবে খুনের অপরাধে স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনাটি ঘটে চার বছর আগে, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার সুবুদ্ধিপুর এলাকায়। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মুণ্ডহীন দেহ উদ্ধার করে পুলিশ, এবং পাশের একটি পুকুর থেকে তাঁর কাটা মুণ্ডটি উদ্ধার হয়। পরে পরিবার মৃতদেহের পরিচয় শনাক্ত করে জানায়, নিহত ব্যক্তির নাম হাবিবুল্লা পাইক। নির্মম এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মূল অভিযুক্ত আজগর লস্করের স্ত্রীর সঙ্গে নিহত হাবিবুল্লার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এই পরকীয়ার প্রতিশোধ নিতেই আজগর তাঁর দুই সঙ্গী আজহার লস্কর ও রবিউল সরদারকে সঙ্গে নিয়ে হাবিবুল্লাকে ধারালো অস্ত্র দিয়ে মুণ্ডচ্ছেদ করে খুন করার পরিকল্পনা তৈরি করে। পুলিশ ঘটনার পর তিনজনকেই গ্রেফতার করে আদালতে পেশ করে। মোট ২৪ জন সাক্ষীর বয়ান ও উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে ডায়মন্ড হারবার অতিরিক্ত সেশন জাজ ফাস্ট ট্র্যাকিং আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। আদালত ৩০২ ধারায় তিন অভিযুক্তকেই যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় অতিরিক্ত দুই বছরের সশ্রম কারাদণ্ডের চূড়ান্ত নির্দেশ জারি করে।