‘নতুন সরকার, নতুন উদ্যম’! পালাবদলের প্রথম পুজোয় শুভেন্দু সরকারের প্রশংসায় পঞ্চমুখ সুপারস্টার জিৎ

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় উচ্ছ্বসিত প্রকাশ করলেন টলিউড সুপারস্টার জিৎ। বুধবার রাতে শহরের অন্যতম জনপ্রিয় পুজো সুরুচি সংঘের মণ্ডপে উপস্থিত হয়ে নতুন সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। অভিনেতা জানান, ফি বছরই তিনি পাড়ার পুজোয় আসেন, তবে এবারের উৎসবের আমেজ সম্পূর্ণ আলাদা। নতুন দল, সরকার ও নতুন উদ্যমের হাত ধরে আগামী দিনে সকলে মিলে এগিয়ে চলার বার্তা দেন তিনি। সুরুচির পাশাপাশি সম্প্রতি কাঁথির নান্দনিক ক্লাবের পুজো উদ্বোধন করতেও দেখা যায় তাঁকে। শিশির অধিকারীর উপস্থিতিতে সেই পুজোর অংশ হতে পেরে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাড়ার ক্লাবে যাওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত সৌভাগ্যের ও বিশেষ বলে জানিয়েছেন অভিনেতা।
মণ্ডপে দাঁড়িয়ে নিজের কাজের প্রসঙ্গেও কথা বলেন তারকা। এবছর পুজোর মরশুমে তাঁর কোনো ছবি মুক্তি না পেলেও, তা নিয়ে বিশেষ কোনো চিন্তায় নেই বলেই জানান তিনি। জিতের মতে, সততার সঙ্গে কাজ করলে কোনো কাজের জন্যই বাড়তি টেনশন থাকে না। পুজো মানেই মা দুর্গার দর্শন এবং আনন্দ উপভোগ করা, আর এই উৎসবে মেতে উঠতেই তিনি সাধারণ মানুষের মাঝে হাজির হয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারকা অভিনেতার মুখে নতুন সরকারের এমন প্রশংসা এবং পুজোর দিনগুলোতে তাঁর সরব উপস্থিতি এখন বিনোদন ও রাজনৈতিক মহলে সমানভাবে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।