নিজের বেতনের টাকায় অনন্য উপহার দিয়ে সুন্দরবনে খুদে পড়ুয়াদের মুখে হাসি ফোটালেন প্রধান শিক্ষক

উৎসবের মরশুমে সুন্দরবনের গঙ্গাসাগর দ্বীপের কচুবেড়িয়া ফুলবাড়ি শীতলা হাই স্কুলে এক অনন্য মানবিক দৃশ্যের সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। আর্থিক অনটনের কারণে যেন কোনো শিশু পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই ভাবনা থেকেই এগিয়ে এলেন স্কুলের প্রধান শিক্ষক ভোলানাথ দাস। নিজের বেতনের টাকায় কেনা পুজোর নতুন জামা তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন। আর্থিক অসচ্ছলতার কারণে যেসব পরিবার সন্তানের জন্য পুজোর জামা কিনতে অপারগ, তাদের মুখে হাসি ফোটাতেই বুধবার স্কুলে বিশেষ আয়োজন করে এই মানবিক উপহার দেন তিনি।
সারাবছরই সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ানো ভোলানাথবাবুর মূল লক্ষ্য ছিল সাধারণ শিশুদের মতো এই খুদেদেরও পুজোর আনন্দে শরিক করা। নতুন জামা পেয়ে খুদে পড়ুয়ারা যেমন আনন্দে মেতে উঠেছে, তেমনই প্রধান শিক্ষকের এই উদ্যোগে ভীষণ খুশি অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কেবল শ্রেণিকক্ষে পাঠদানই নয়, সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফুটিয়ে তিনি যে সামাজিক দায়িত্ব ও মানবিকতার বার্তা দিলেন, তা গোটা সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। উৎসবের প্রাক্কালে শিক্ষক মহাশয়ের এই মহৎ প্রচেষ্টা কচুবেড়িয়ার দুস্থ শিশুদের আনন্দকে আরও রঙিন করে তুলেছে।