দিল্লিতে ফের ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনের ডাক! পুলিশের অনুমতি ছ্যাঁকা সত্ত্বেও উত্তপ্ত হওয়ার মুখে রাজধানীর রাজপথ?

দিল্লির রাজপথে ফের মাথাচাড়া দিয়ে উঠছে বড়সড় প্রতিবাদের আঁচ। ‘পিপল এগেইনস্ট এসআইআর’ নামে একটি সদ্যগঠিত সংগঠন আগামী শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ‘জ্ঞানেশ হটাও’ অর্থাৎ ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণের পদযাত্রা’-র ডাক দিয়েছে। সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর কনট প্লেসের বাংলা সাহিব গুরুদ্বার থেকে এই মিছিল শুরু হয়ে প্যাটেল চকে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে এগিয়ে যাবে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রশাসন বা পুলিশের কোনো অনুমতি না নিয়েই এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ববর্তী বিক্ষোভের জেরে দিল্লিতে এখনও ১৬৩ ধারা জারি থাকায় পুলিশের অনুমতিহীন এই পদক্ষেপ ঘিরে তীব্র অশান্তির আশঙ্কা করা হচ্ছে।
এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে, বামনেত্রী নেহা বোরা এবং বিরোধী ‘ইন্ডি’ জোটের একাধিক পরিচিত মুখকে আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও তাঁদের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়। আন্দোলনকারীদের সাফ বার্তা—শান্তিপূর্ণ মিছিলে বলপ্রয়োগ করা হলে বা পুলিশ পথ আটকালে তাঁরা রাস্তায় দাঁড়িয়েই ‘জন-সংসদ’ আয়োজন করে জাতীয় সংগীত গাইবেন। শিক্ষার্থী, কৃষক ও সুশীল সমাজের সমন্বয়ে গড়া এই সংগঠনটির তরফ থেকে কোনো অনুমতির আবেদন করা হবে না বলে আগেই স্পষ্ট করা হয়েছিল। এই হুঙ্কার ও সংঘাতের আবহে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।