গ্যাংস্টারদের ১৫,০০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত! উদ্ধার হওয়া জমিতে গরিবদের মাথা গোঁজার ঠাঁই গড়ল যোগী সরকার

উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিগত সাত বছরের সাফল্যের পরিসংখ্যান প্রকাশ করল যোগী আদিত্যনাথ প্রশাসন। সরকারের দাবি, ‘গ্যাংস্টারস অ্যাক্ট’-এর অধীনে অপরাধীদের বাজেয়াপ্ত করা প্রায় ১৫,২৩৩ কোটি টাকার অবৈধ সম্পত্তি ও জমি এখন রাজ্যের দরিদ্র মানুষের আবাসন তৈরিতে ব্যবহার করা হচ্ছে। বুলডোজার অভিযানের মাধ্যমে উদ্ধার করা এই মূল্যবান জমিতে গরিবদের জন্য একের পর এক সাশ্রয়ী আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রয়াগরাজের লুকারগঞ্জে গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদের নেটওয়ার্কের কাছ থেকে উদ্ধার করা জমিতে ৭৬টি এবং লখনউয়ের দালিবাগে মুখতার আনসারির সঙ্গে সম্পর্কিত জমিতে ৭২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে এই ফ্ল্যাটগুলোর চাবি ও বরাদ্দের চিঠি দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া, প্রয়াগরাজের কাসারি-মাসারিতে ‘পদ্মলোক আবাস যোজনা’র আওতায় আরও ১,২০০টি বাড়ি তৈরির নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অপরাধীদের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে সেই জমিতে গরিব মানুষের আবাসন গড়ে তোলাই এখন এই প্রশাসনের অন্যতম প্রধান বার্তা।