উত্তরপ্রদেশের ভোটার তালিকায় তুলকালাম, একই নাম ১০ জায়গায় দেখে চোখ ছানাবড়া কমিশনের

উত্তরপ্রদেশের ভোটার তালিকায় একের পর এক গাফিলতি ও কারচুপির ঘটনায় প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। পিলভিট কেন্দ্রের সাড়ে ১০ হাজার ভোটারের তথ্যে বড়সড় গরমিলের পর এবার আজমগড় বিধানসভা কেন্দ্রে দেখা দিয়েছে নতুন বিতর্ক। সমাজবাদী পার্টির করা অভিযোগের ভিত্তিতে কমিশন জানতে পেরেছে, সংশ্লিষ্ট কেন্দ্রে একই ব্যক্তির নাম তালিকায় ১০টি আলাদা জায়গায় নথিভুক্ত হয়েছে। তদন্তে দেখা যায়, নির্বাচন কমিশনের কর্মচারীদের ভুলের কারণেই অন্য ভোটারদের নাম ও বাবার নাম ভুলবশত এক ব্যক্তির পরিচয়ে রূপান্তরিত হয়েছিল। গাফিলতির মাত্রা এতটাই গুরুতর যে মাত্র ৩ দিনের মাথায় দ্বিতীয়বার এই ধরনের কারচুপির সত্যতা স্বীকার করতে বাধ্য হয়েছে কমিশন।
আজমগড়ের এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জেলা নির্বাচন দপ্তর। কারচুপির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সংশ্লিষ্ট বিএলও, কম্পিউটার সহায়ক, ইআরও এবং এইআরওসহ মোট ৫ জন আধিকারিককে কারণ দর্শানোর নোটিস বা কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছে কমিশন। তদন্তে অপরাধ ইচ্ছাকৃত প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে চরম বিভাগীয় ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সাধারণ ভোটারদের অবিলম্বে ‘ফর্ম ৮’ পূরণ করে নিজেদের পরিচয় ও নাম সংশোধনের নির্দেশ দিয়েছে কমিশন। এর আগে পিলভিটেও বিনা নথিতে সংশোধনের অভিযোগে দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছিল। পরপর এমন চাঞ্চল্যকর ঘটনায় গোটা রাজ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।