এবার চ্যাটজিপিটির সব গোপন চ্যাট থাকবে লকড পিনের নিরাপত্তায়!

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নিজেকে ক্রমাগত বদলে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয় প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি। এর আগে ‘মেমরি আর্কিটেকচার’ ফিচারের মাধ্যমে চ্যাটবট ব্যবহারকারীর পুরোনো কথোপকথন মনে রাখার সুবিধা দিলেও, গোপনীয়তা রক্ষা নিয়ে কিছুটা উদ্বেগ থেকেই গিয়েছিল। সেই সমস্যার স্থায়ী সমাধান করতে এবার চার অঙ্কের পিন, ফেস আইডি বা টাচ আইডি ব্যবহারের মাধ্যমে চ্যাট লক করার বিশেষ সুবিধা নিয়ে এল সংস্থাটি। এর ফলে ব্যবহারকারীর অজান্তে বা স্মার্টফোন অন্য কারও হাতে চলে গেলেও ব্যক্তিগত বা সংবেদনশীল কথোপকথন পড়ার কোনো সুযোগ থাকবে না।
ওয়াকিবহাল মহল মনে করছে, চ্যাটজিপিটির এই নতুন ফিচার ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে চার ডিজিটের পিন মনে রাখার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। পিন ভুলে গেলে মেমরি এবং গুরুত্বপূর্ণ গোপন ফাইলগুলো চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। তাই সুরক্ষার এই নতুন মাধ্যমটি ব্যবহারের পাশাপাশি পিনটি নিরাপদে সংরক্ষণ করার কথা বলেছেন প্রযুক্তি বিশ্লেষকরা।