‘পার্থ একা নয়, অনেকে আছে!’ ইন্দ্রনীলের গ্রেপ্তারিতে নিজ দলেই বিষ্ফোরক মন্তব্য কল্যাণের

পুজোর পাস দুর্নীতি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার এই ইস্যুতে নিজস্ব দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি দাবি করেন, অতিরিক্ত ক্ষমতাই দুর্নীতির মূল কারণ। তাঁর মতে, শুধু পার্থ চট্টোপাধ্যায়কে একা দায়ী করলে চলবে না, এমন আরও অনেকে রয়েছেন। একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ববি হাকিম, অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনরা দলে ‘নায়ক’ হয়ে উঠেছেন, আর পুরনো নিষ্ঠাবান কর্মীরা থেকে গিয়েছেন ‘ভিলেন’।
রাজনীতির বর্তমান হালচাল নিয়ে হতাশা প্রকাশ করে তৃণমূলের এই প্রবীণ নেতা আরও মন্তব্য করেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী হলে দুর্নীতি স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই কোনও রাজনৈতিক দলেরই পাঁচ থেকে ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয় বলে তিনি মনে করেন। নিজের ক্ষোভের প্রকাশ ঘটিয়ে কল্যাণবাবু জানান, সততার সঙ্গে এতদিন রাজনীতি করার পর বর্তমান পরিস্থিতিতে রাজনীতিতে থাকাটাই চরম বেদনাদায়ক হয়ে উঠেছে। এখন অনেকে সেবা নয়, বরং ব্যবসার উদ্দেশ্যে রাজনীতিতে আসছে এবং তাদের নানা অপকর্মের কারণেই দল দিন দিন দুর্বল হয়ে পড়ছে বলে তিনি তোপ দাগেন।