স্বাস্থ্যসাথীতে ৩০ লক্ষ ভুয়ো উপভোক্তা! পকেটের প্রায় ২৫ হাজার কোটি টাকা কি তবে জলে?

খোঁজ মিলছে না বিগত আমলের স্বাস্থ্যসাথীর প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার। নয়া সরকার স্বাস্থ্যসাথীর উপভোক্তাদের আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করতেই সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের সময় দেখা যাচ্ছে, অনেকের নামেই কার্ড থাকলেও বাস্তবে তাঁদের কোনও অস্তিত্বই নেই। নবান্ন সূত্রে খবর, এই বিপুল পরিমাণ ভুয়ো উপভোক্তাকে পরিষেবা দিতে গিয়ে রাজ্যের কোষাগার থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকা অপচয় হয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত এবং রাজ্যের বিমা যোজনার অধীনে অন্তর্ভুক্ত করার ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। সেইমতো তালিকা যাচাই করতে গিয়েই বিগত সরকারের আমলের এই অনিয়ম প্রকাশ্যে আসে। নবান্নের শীর্ষকর্তাদের অনুমান, শুধু স্বাস্থ্যসাথী প্রকল্পেই নয়, অন্যান্য অনেক কল্যাণমূলক ক্ষেত্রেও এই ধরনের ভুয়ো উপভোক্তা থাকতে পারে। বর্তমান পরিস্থিতিতে এই ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি তহবিলের অপচয় রোধ করতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।