শিয়ালদহে পুরসভার সারপ্রাইজ রেড, খাঁড়া ঝুলল রাজুদার পকেট পরোটাতেও!

খাদ্যসুরক্ষা নিশ্চিত করতে এবার শিয়ালদহ স্টেশন চত্বরে এক বিশাল সারপ্রাইজ অভিযান চালাল কলকাতা পুরসভার হেলথ বিভাগের ফুড সেফটি উইং। ফুটপাথ ও ফ্লাইওভারের নিচের বিভিন্ন খাবার দোকান সহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চিত রাজুদার পকেট পরোটার দোকানেও আচমকা হানা দেন পুর আধিকারিকরা। এফএসএসএআই-এর নির্দিষ্ট নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখা হয়। বিভিন্ন দোকান থেকে সিঙ্গাড়া, ঘুগনি ও মশলার নমুনা সংগ্রহ করে স্পট টেস্টিং করা হয়। রাসায়নিক ও ক্ষতিকারক রং মেশানোর প্রমাণ পেতেই নিম্নমানের বহু প্রস্তুত খাবার সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দেন আধিকারিকরা।
সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষার তাগিদে এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতেই শহরজুড়ে এই ধারাবাহিক নজরদারি চালাচ্ছে পুরসভা। রাজুদা নিজেও পুরসভার এই তদারকিকে স্বাগত জানিয়ে বলেন যে প্রতিদিন হাজার হাজার পথচলতি মানুষ ও হাসপাতালের রোগীরা এই খাবার খান, তাই নিয়মিত এমন পরীক্ষা হওয়া অত্যন্ত জরুরি। অভিযানে অনেক দোকানেই পরিচ্ছন্নতার ঘাটতি মেলায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং বাধ্যতামূলকভাবে সেফটি ক্যাপ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘনকারী কয়েকটি দোকানের বিরুদ্ধে পুরসভা কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে।