কোজাগরী লক্ষ্মীপুজোর পর কীভাবে মিলবে নৈহাটির বড়মার প্রসাদ? জানুন কুপন সংগ্রহের সময় ও দিন!

নৈহাটির ঐতিহ্যবাহী ১০৩তম বর্ষের বড়মার পুজো ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবারের মতোই এবারও কালীপুজোয় লক্ষ লক্ষ ভক্তের সমাগম সামলাতে বিশেষ প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন পুজো উদ্যোক্তারা। পুজো উপলক্ষে মায়ের দর্শনের পাশাপাশি মূল আকর্ষণ থাকে ভোগের প্রসাদ। খিচুড়ি, পাঁচমিশালী তরকারি, পোলাও, আলুর দম থেকে শুরু করে বিভিন্ন পদের সুস্বাদু ভোগ পেতে ভক্তদের কুপন সংগ্রহ করতে হবে।
উদ্যোক্তাদের জানানো সময়সূচি অনুযায়ী, ৭ এবং ৮ নভেম্বর গভীর রাতে অর্থাৎ ১:৩০টা থেকে ২টো নাগাদ নির্দিষ্ট স্থান থেকে ভোগের কুপন মিলবে। নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যানিকেতন বয়েস স্কুল, নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং নৈহাটি পুরসভা থেকে ভক্তরা কুপন সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে ৮ নভেম্বর রাত আড়াইটে থেকে শ্যামরোড ও জগবন্ধু মোড়ের কাউন্টার থেকে প্রসাদ বিতরণ শুরু হবে, যা চলবে ১১ নভেম্বর দুপুর পর্যন্ত।