হাসপাতালে নয়, বাড়ি বসেই এবার বিনামূল্যে চোখের চিকিৎসা, জেলায় চালু হল সুদৃষ্টি প্রকল্প

হাসপাতালে নয়, বাড়ি বসেই এবার বিনামূল্যে চোখের চিকিৎসা, জেলায় চালু হল সুদৃষ্টি প্রকল্প

চোখের চিকিৎসার জন্য আর হাসপাতালে ছুটতে হবে না, সাধারণ মানুষের দোরগোড়ায় নিখরচায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে জেলায় চালু হলো সুদৃষ্টি প্রকল্প। বৃহস্পতিবার বহরমপুর জেলা প্রশাসনিক ভবন থেকে এই প্রকল্পের অধীনে দুটি ভ্রাম্যমাণ বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। এই ভ্রাম্যমাণ বাসগুলির মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ বাড়িতে বসেই চোখের প্রাথমিক পরীক্ষা থেকে শুরু করে ছানি অপারেশনের সুযোগ পাবেন।

জঙ্গিপুর পুলিশ জেলা ও মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন গ্রামে গিয়ে এই বাসগুলি পরিষেবা দেবে। ব্লকে ব্লকে ঘুরে আশাকর্মীরা চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চিহ্নিত করবেন এবং আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রের চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা বা চশমা প্রদানের ব্যবস্থা করবেন। মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করতে এবং তাদের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের দুর্ভোগ কমাতে সাংসদ তহবিল থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শেই এই অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার ফলে আমজনতার চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *