বাতিল যন্ত্রাংশেই বাজিমাত! কয়লার খনির জঞ্জাল থেকে তৈরি যুদ্ধজাহাজ তুলে দেওয়া হল নৌবাহিনীর হাতে

বাতিল যন্ত্রাংশেই বাজিমাত! কয়লার খনির জঞ্জাল থেকে তৈরি যুদ্ধজাহাজ তুলে দেওয়া হল নৌবাহিনীর হাতে

কয়লাখনিতে কাজের অনুপযোগী ও বাতিল যন্ত্রাংশকে শিল্পকর্মে রূপান্তর করে এক অনন্য নজির সৃষ্টি করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। নিছক আবর্জনা হিসাবে পড়ে থাকা লোহার টুকরো ও ভাঙাচোরা খনি-যন্ত্রপাতি জুড়ে তৈরি করা হয়েছে একটি দর্শনীয় যুদ্ধজাহাজের মডেল। দেশরক্ষায় নৌসেনার অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরতেই এই পদক্ষেপ বলে দাবি ইসিএল কর্তৃপক্ষের। সংস্থার সিএমডি সতীশ ঝা-র নির্দেশনায় নিয়ামতপুর সেন্ট্রাল ওয়ার্কশপের দক্ষ কর্মী ও প্রকৌশলীরা নিজেদের কারিগরী দক্ষতায় এই যুদ্ধজাহাজটি গড়ে তুলেছেন। সম্প্রতি ১ বেঙ্গল এনসিসি ন্যাভাল ইউনিটের হাতে মডেলটি হস্তান্তর করা হয় এবং ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কেবল একটি সুন্দর ভাস্কর্য নয়, বরং শিল্পক্ষেত্রে বর্জ্য থেকে সম্পদ তৈরির বাস্তব উদাহরণ।

অতীতে মহাবীর খনির উদ্ধারকাজে ক্যাপসুল তৈরি করে সুনাম কুড়নো সোদপুর ও নিয়ামতপুরের কর্মীরা এবারও তাঁদের উদ্ভাবনী ক্ষমতার স্বাক্ষর রাখলেন। বর্তমানে খনি অঞ্চলের বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি পেভার ব্লক সেনাবাহিনীর নজর কেড়েছে এবং সীমান্ত প্রাচীর ও বাঙ্কার নির্মাণে সেগুলি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, পরিত্যক্ত সামগ্রী দিয়ে ঝাঁঝরার ইকো-পার্কসহ বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে শৈল্পিক ফোয়ারা ও ওপেন জিম। পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার এই কর্মযজ্ঞ শিল্পজগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *