৩০ দিনে দ্বিতীয়বার! রাজনৈতিক উত্তাপের মাঝেই রাহুল কেন আবার আমেরিকা ছুটছেন?

ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের বিদেশ সফরে যেতে চলেছেন। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তাঁর চার দিনের এই আমেরিকা সফরের মূল গন্তব্য নিউইয়র্ক ও শিকাগো। দেশে নির্বাচন কমিশন ও ভোট সংক্রান্ত বিতর্ক যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময়েই রাহুলের এই সফরকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের দাবি অনুযায়ী, প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ স্থাপন এবং ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করাই এই সফরের প্রধান উদ্দেশ্য।
মাত্র ৩০ দিনের ব্যবধানে এটি রাহুল গান্ধীর দ্বিতীয় বিদেশ সফর হওয়ায় শাসকদল বিজেপি বিষয়টিকে তীব্র কটাক্ষ করেছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের সমস্যা সমাধানের চেয়ে বিদেশে সময় কাটানোতেই বিরোধী দলনেতার আগ্রহ বেশি। এই সফরকে তারা ‘ছুটি কাটানো’ ও বিশেষ গোষ্ঠীর সঙ্গে গোপন বৈঠকের সুযোগ বলে অভিহিত করেছে। অন্যদিকে, কংগ্রেস বিজেপির এই অভিযোগ খারিজ করে জানিয়েছে যে, প্রবাসী ভারতীয় ও তরুণ প্রজন্মের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা দায়িত্বশীল বিরোধী দলনেতার স্বাভাবিক কর্মসূচিরই অংশ। এখন রাহুল গান্ধী দেশে ফিরে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।