মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে বড় ঘোষণা পর্ষদের, স্কুলগুলিকে মানতে হবে কঠোর নিয়ম!

টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতে নতুন নিয়ম জারি পর্ষদের, মানতে হবে কড়া নির্দেশিকা
নিজস্ব প্রতিবেদক: চলতি শিক্ষাবর্ষের টেস্ট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নতুন নিয়মবিধি জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে পর্ষদ বেশ কিছু কঠোর নির্দেশিকা দিয়েছে।
পর্ষদের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে প্রতিটি স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষকদেরই নিজ নিজ বিষয়ের প্রশ্নপত্র তৈরি করতে হবে। কোনো বাইরের সংস্থা বা একাধিক স্কুল সম্মিলিতভাবে প্রশ্নপত্র তৈরি করতে পারবে না। এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের ওপর বর্তাবে বলে পর্ষদ সাফ জানিয়ে দিয়েছে।
পরীক্ষার প্রশ্নপত্র ও পাঠ্যসূচি সংক্রান্ত বিষয়ে পর্ষদ স্পষ্ট করেছে যে, নির্ধারিত সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন করা যাবে না। এমন কোনো প্রশ্ন রাখা চলবে না যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। এছাড়া, পর্ষদ পূর্বে যে সময়সূচি ঘোষণা করেছে, সেই অনুযায়ীই প্রতিটি স্কুলকে পরীক্ষা সম্পন্ন করতে হবে।
পরীক্ষা শেষ হওয়ার পর প্রতিটি স্কুলকে তাদের তৈরি প্রশ্নপত্রের স্ক্যান করা কপি এবং পিডিএফ ছাড়া অন্য ফরম্যাটে সফট কপি পর্ষদের নির্দিষ্ট ই-মেইল আইডিতে (testpaperwbbse@gmail.com) পাঠাতে হবে। পর্ষদ জানিয়েছে, সব স্কুলের প্রশ্নপত্রই যে পর্ষদের টেস্ট পেপারে প্রকাশিত হবে, তা নিশ্চিত নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার পর্ষদের হাতেই থাকছে।