চাকরি ছাড়লেই লাখ লাখ টাকা! গুগলের এই ঘোষণায় তোলপাড় প্রযুক্তি দুনিয়া!

চাকরি ছাড়লেই লাখ লাখ টাকা! গুগলের এই ঘোষণায় তোলপাড় প্রযুক্তি দুনিয়া!

 

পাঁচ দেশে স্বেচ্ছাবসর কর্মসূচি চালু করল গুগল, বাদ গেল এআই বিভাগ

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং এআই খাতে বিনিয়োগের লক্ষ্য নিয়ে বিশ্বের পাঁচটি দেশে বিশেষ স্বেচ্ছাবসর কর্মসূচি (Voluntary Retirement Scheme) চালু করেছে টেক জায়ান্ট গুগল। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান এবং সুইজারল্যান্ডের নির্দিষ্ট কর্মীরা এই সুযোগ পাচ্ছেন।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের শুরুতে পরীক্ষামূলকভাবে প্রক্রিয়াটি শুরু হলেও জুন মাস থেকে তা আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত করা হয়। তবে কতজন কর্মী এই প্রস্তাব গ্রহণ করেছেন, তার কোনো নির্দিষ্ট সংখ্যা সংস্থাটি প্রকাশ করেনি।

সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, গুগলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এআই গবেষণা বিভাগ ‘ডিপমাইন্ড’ (DeepMind) এবং ‘গুগল ক্লাউড’ (Google Cloud) এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এই দুই বিভাগে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে। মূলত অপ্রয়োজনীয় ও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সাংগঠনিক পরিবর্তনের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডে এই কর্মসূচির প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান। সেখানকার প্রায় ৫,০০০ কর্মীর মধ্যে অনেকেই জুন মাসে এই প্রস্তাব পাওয়ার পর আগস্ট মাস থেকে বিদায় নিতে শুরু করেছেন। স্বেচ্ছাবসরের শর্ত অনুযায়ী, কর্মীরা তাদের চাকরির প্রতি বছরের জন্য এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ‘সেভারেন্স’ হিসেবে পাবেন, যা সর্বোচ্চ ১২ মাসের বেতনের সমান হতে পারে।

শুধু গুগল নয়, একই পথে হাঁটছে মাইক্রোসফটও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে ব্যয় বাড়াতে গিয়ে মাইক্রোসফট মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও ব্রিটেনসহ বিভিন্ন দেশে তাদের প্রায় ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব দিয়েছে। এটি মাইক্রোসফটের মোট কর্মীবাহিনীর প্রায় ২৭ শতাংশ। যারা এই প্রস্তাব গ্রহণ করবেন, তারা চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ নাগাদ সংস্থা থেকে পাকাপাকিভাবে বিদায় নেবেন।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির উৎকর্ষ বাড়াতে ডেটা সেন্টার ও কম্পিউটিং পরিকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করছে টেক জায়ান্টগুলো। সেই বিশাল ব্যয়ের সংস্থান করতেই কর্মী সংখ্যা ও বাজেট নতুন করে খতিয়ে দেখছে গুগল ও মাইক্রোসফটের মতো সংস্থাগুলো, যা বিশ্ব আইটি সেক্টরে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *