বিশ্ব রাজনীতিতে ভারতের জয়জয়কার, হরমুজ প্রণালীতে বড় ছাড় দিল ইরান!

হরমুজ প্রণালীতে ভারতের জন্য বিশেষ ছাড় ইরানের, নিশ্চিত করলেন পার্লামেন্ট কর্তা
নিজস্ব প্রতিবেদন: ভূ-রাজনৈতিক উত্তেজনার আবহে হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে ভারতসহ চারটি দেশকে বিশেষ ছাড় দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেছে ইরান। মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ হায়াত-মোকাদ্দাম এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
ভারত ছাড়াও চীন, ইরাক এবং কাতারকে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবাধে ব্যবহারের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।
এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে আহমেদ হায়াত-মোকাদ্দাম জানান, বৈশ্বিক বিধিনিষেধ সত্ত্বেও অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে তেহরান এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ভারতের জন্য এই বিশেষ ছাড়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “ভারত থেকে অত্যাবশ্যকীয় ওষুধ আমদানি যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, চীনের কাছ থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন পাওয়ার বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে।” ইরানের এই পদক্ষেপে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যে চলমান চরম অস্থিরতার মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা এবং ওষুধের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করাই তেহরানের প্রধান লক্ষ্য বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
এদিকে, আল আরাবিয়া-র প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সম্ভাবনা মাথায় রেখে ইরান একদিকে যেমন সামরিক প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও খোলা রেখেছে। কাতারের মধ্যস্থতার প্রস্তাবের প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সামরিক নেতৃত্বকে ধৈর্য ধরার ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন।
যদিও ইরানের সামরিক কৌশলবিদদের একাংশ পরিস্থিতি নিয়ে সন্দিহান, তবুও বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত হওয়াকে ভারতের বড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।