মথুরায় হাড়হিম করা দৃশ্য! গাড়ির বনেটে মা-মেয়ে, সেই অবস্থাতেই তীব্র গতিতে ছুটল গাড়ি!

মথুরায় পাওনা টাকা নিয়ে বিবাদ, গাড়ির বনেটে ঝুলিয়ে ২ কিলোমিটার টানল দুষ্কৃতীরা
নিজস্ব প্রতিবেদন, মথুরা: আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে মথুরায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। চলন্ত গাড়ির বনেটে মা ও মেয়েকে দুই কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর রাতে মথুরার যমুনাপাড় থানা এলাকার পানিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেম, পুনীত এবং তাদের এক সহযোগীর সঙ্গে পবন নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরেই আর্থিক বিবাদ চলছিল। ঘটনার রাতে অভিযুক্তরা একটি চার চাকার গাড়িতে চড়ে পবনের বাড়ির সামনে পৌঁছায়। বিবাদ চরম আকার ধারণ করলে পবনের স্ত্রী ও মেয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে গাড়ির বনেটের ওপর উঠে পড়েন।
অভিযোগ, মা ও মেয়েকে বনেটে থাকা অবস্থাতেই চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে ছোটানো শুরু করে। প্রায় দুই কিলোমিটার পথ তাঁদের ওই বিপজ্জনক অবস্থায় টেনে নিয়ে যাওয়ার পর, মাউন্ট রোডের একটি পেট্রোল পাম্পের কাছে তাঁদের চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে অভিযুক্তরা চম্পট দেয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পানিগাঁও থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে মথুরা জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
মথুরার সদর থানার সিও বরুণ কুমার সিং জানিয়েছেন, আক্রান্ত ও অভিযুক্তরা পূর্ব পরিচিত এবং অতীতেও তাদের মধ্যে একাধিকবার গোলমাল হয়েছে। এমনকি দুই পক্ষই আগে মারামারি ও হত্যাচেষ্টার অপরাধে জেল খেটেছে। সিও আরও জানান, পুরনো টাকা-পয়সার দেনাপাওনা নিয়েই এদিন বিবাদের সূত্রপাত। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজটি বাজেয়াপ্ত করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।