বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও নির্যাতন, আত্মঘাতী প্রেমিকা! অভিযুক্ত প্রেমিক গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও নির্যাতন, আত্মঘাতী প্রেমিকা! অভিযুক্ত প্রেমিক গ্রেপ্তার

 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও আত্মহত্যার প্ররোচনা: ধৃত প্রেমিক

নিজস্ব প্রতিবেদক, দত্তপুকুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে প্রতারণা ও মানসিক নির্যাতনের অভিযোগে নিলয় বাগচি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি নদীয়ার কৃষ্ণনগরে।

পুলিশ সূত্রে জানা গেছে, দত্তপুকুরের কাশিমপুর পঞ্চাননতলার বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিগত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল নিলয় বাগচির। দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ের বিষয়ে আলোচনাও চলছিল। অভিযোগ, এই সম্পর্কের সুযোগ নিয়ে নিলয় ওই তরুণীর কাছ থেকে ধাপে ধাপে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে এসে তিনি তরুণীকে মানসিকভাবে নির্যাতন করতে শুরু করেন।

পরিবারের অভিযোগ, প্রেমিকের প্রতারণা ও মানসিক অত্যাচারে বিপর্যস্ত হয়ে গত সেপ্টেম্বর মাসে ওই তরুণী আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার পরই তরুণীর পরিবারের পক্ষ থেকে দত্তপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মামলা রুজু হওয়ার পর থেকেই অভিযুক্ত নিলয় গা ঢাকা দিয়েছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুর থানার তদন্তকারী দল রায়গঞ্জে অভিযান চালায়। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *